আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক ও সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন।
স্থানীয় সময় ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। এতে সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলে প্রবেশের পর এক ব্যক্তি তাকে গুলি করেন। তবে হামলাকারী ও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। ঘটনার পর স্কুলের সব কক্ষ তল্লাশি করে নিরাপদ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের কাছের একটি গির্জায় নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার পর শুক্রবার এলাকার ৩৩টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে সব ধরনের কার্যক্রম ও ক্রীড়া আয়োজন।
সূত্র: বিবিসি
