পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টা ৭ মিনিটে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বলেন, আমাদের শিক্ষার্থী চেসি ত্রিপুরা বৃহস্পতিবার রাতে আমাদের ছেড়ে চলে গেছেন।
চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। চেসি ত্রিপুরার অকালমৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এর আগে গত সোমবার এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি। পথে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
