বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেও তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা বিবেচনায় নিচ্ছেন বিনিয়োগকারীরা।
বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ০৭ শতাংশ কমে দাঁড়ায় ৯৪ দশমিক ০৭ ডলারে।
এর আগের দিন সৌদি আরামকোর সদর দপ্তরে হুতিদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে নতুন কৌশলে হামলার বিষয়ে ইরানের ঘোষণার পর ডব্লিউটিআই তেলের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবারের আগের ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপিত অস্ত্রের আঘাতে হরমুজ প্রণালির কাছে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
গত ১০ দিনে ওই জলপথের আশপাশে হামলার ঘটনা বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে নিষেধাজ্ঞা আরও কঠোর করার জবাবে তারা হামলা জোরদার করছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি তেলের সরবরাহ ও পরিবহন ব্যয়ের ওপর চাপ তৈরি করছে। ফলে সাম্প্রতিক দরপতন সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
