দিনাজপুরের হিলিতে মাদক বিক্রির চেষ্টার অভিযোগে অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে চার বোতল ভারতীয় মদ, একটি মোবাইল, আধার কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাকিমপুর উপজেলার হিলির মধ্যবাসুদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামপুর থানার মাদারগঞ্জ গ্রামের গ্রেন্দ্রনাথের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, মধ্যবাসুদেবপুর এলাকার গণেশ বাবুর চাতালের পাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
