২৪ অক্টোবর পালিত হয় বিশ্ব ট্রাইপ দিবস (World Tripe Day)। ট্রাইপ বলতে বোঝায় গবাদিপশুর পাকস্থলীর খাওয়ার উপযোগী অংশ, বিশেষ করে গরুর ভুঁড়ি।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের খাবার, রান্নার সংস্কৃতি ও মানুষের জীবনযাপন তুলে ধরার জন্য পরিচিত মার্কিন শেফ, লেখক ও টেলিভিশন উপস্থাপক অ্যান্থনি বোর্ডেইনের মতে, দামি ও অভিজাত মাংস রান্না করার চেয়ে অবহেলিত অংশ—যেমন ভুঁড়ি বা পশুর ঘাড়ের মাংস—দিয়ে সুস্বাদু খাবার তৈরি করতে পারাই একজন রাঁধুনির প্রকৃত দক্ষতার পরিচয়।
অনেকের কাছে ভুঁড়ি খাওয়াটা অরুচিকর মনে হতে পারে। কিন্তু এটি দিয়ে অসাধারণ স্বাদের খাবার তৈরি করা সম্ভব। বিশ্ব ট্রাইপ দিবসে এই অবহেলিত খাবারটির উদ্যাপন করা হয়। একই সঙ্গে মাংসজাতীয় খাবারের মধ্যে একে আবার সম্মানজনক অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
বিশ্ব ট্রাইপ দিবসের ইতিহাস
ইংরেজিভাষী দেশগুলোতে দোকানে ট্রাইপ খুব একটা দেখা যায় না, রেস্তোরাঁয়ও এর উপস্থিতি আরও কম। তবে বিশ্বের অন্যান্য অনেক দেশে এটি বেশ জনপ্রিয় খাবার।
ইতালির মতো দেশে ট্রাইপ এতটাই প্রচলিত যে রাস্তার পাশের বিক্রেতারাও এটি বিক্রি করেন। চলতি পথে খাওয়ার জন্য ছোট কাঁটাচামচ দিয়ে কিংবা পাউরুটির ভেতরে ভরে এটি পরিবেশন করা হয়। একটি প্রাণী থেকেই বিভিন্ন ধরনের ট্রাইপ পাওয়া যায়। যেমন, গরুর কথা বলা যায়।
গরুর পাকস্থলী চারটি প্রকোষ্ঠে বিভক্ত। প্রতিটি প্রকোষ্ঠ থেকে ভিন্ন ধরনের ট্রাইপ পাওয়া যায়। প্রথম প্রকোষ্ঠ থেকে পাওয়া ট্রাইপকে বলা হয় ব্ল্যাঙ্কেট ট্রাইপ (Blanket Tripe)। এটি মসৃণ, সমতল বা সাধারণ ট্রাইপ নামেও পরিচিত। ট্রাইপপ্রেমীদের কাছে এটি সবচেয়ে কম জনপ্রিয়।
সূত্র: ডেজ অব দ্য ইয়ারডটকম
