নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তসলিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জাহিদুল ইসলাম ইমন নামে অপর এক যুবক পালিয়ে যান।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের উপজেলা গেটসংলগ্ন মোল্লা টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক তসলিম উদ্দিন (২৬) উপজেলার চককানু গ্রামের মনসুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রসাদপুর বাজারের মোল্লা টাওয়ারে অভিযান চালানো হয়। এ সময় তসলিম উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জাহিদুল ইসলাম ইমন নামে অপর এক যুবক পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তসলিম নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘অভিযানের সময় জাহিদুল ইসলাম ইমন নামে একজন পালিয়ে যান। তাকে আটকসহ মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
