* ১০ অক্টোবর ১৪৭০ : উসমানীয় সালতানাতের নবম সুলতান প্রথম সেলিমের জন্ম। তিনি ১৫১২ থেকে ১৫২০ সাল পর্যন্ত শাসন করেন। ১৫১৭ সালে মিসর জয়ের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের অধীনে আরব ভূখণ্ডের বিস্তার ঘটে এবং মক্কা ও মদিনার ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
* ১০ অক্টোবর ২০২১ : পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান রূপকার ড. আবদুল কাদির খানের মৃত্যু। ১ এপ্রিল ১৯৩৬ সালে ব্রিটিশ ভারতের ভোপালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিজ্ঞাপন
* ১৩ অক্টোবর খ্রিষ্টপূর্ব ৫৩৯ : পারস্যের হাখামানেশীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দ্বিতীয় সাইরাসের ব্যাবিলন বিজয়ের পর নব্য-ব্যাবিলনীয় সাম্রাজ্যের অবসান ঘটে। প্রাচীন ব্যাবিলনীয় কালপঞ্জি অনুযায়ী, ১৩ অক্টোবর তারিখটি রাজা নাবোনিদাসের শাসনের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত।
* ১৩ অক্টোবর ১৯২৩ : তুরস্কের জাতীয় পরিষদের সিদ্ধান্তে আঙ্কারাকে দেশটির নতুন রাজধানী ঘোষণা করা হয়। তুরস্কের স্বাধীনতাসংগ্রামের সময় মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে আঙ্কারা জাতীয় আন্দোলনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। রাজধানী ঘোষণার মধ্য দিয়ে নবগঠিত তুর্কি রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্র হিসেবে আঙ্কারার অবস্থান আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।
* ১৪ অক্টোবর ১৮৮২ : ব্রিটিশ ভারতের সিমলায় প্রথম সিনেট সভা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে লাহোরে এর কার্যক্রম বিস্তৃত হয়। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত চতুর্থ বিশ্ববিদ্যালয়টি বর্তমানে পাকিস্তানের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
* ১৫ অক্টোবর ১৫৮২ : পোপ ত্রয়োদশ গ্রেগরির উদ্যোগে ইতালি, স্পেনসহ কয়েকটি ক্যাথলিক অঞ্চলে গ্রেগরীয় বর্ষপঞ্জি চালু হয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে বর্ষপঞ্জির অসংগতি দূর করতে জুলীয় বর্ষপঞ্জির সংস্কার করা হয়। এর ফলে ১৫৮২ সালের অক্টোবর মাসে ৪ অক্টোবর বৃহস্পতিবারের পর সরাসরি ১৫ অক্টোবর শুক্রবার নির্ধারিত হয়।
* ১৫ অক্টোবর ১৫৪২ (মতভিন্নতা রয়েছে) : মোগল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবরের জন্ম। বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের ওমরকোট দুর্গে সম্রাট হুমায়ুন ও হামিদা বানু বেগমের ঘরে তার জন্ম হয়। ১৫৫৬ সালে সিংহাসনে আরোহণের পর আকবর মোগল সাম্রাজ্যের বিস্তার ও সংহতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম
