নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার সন্দেহ এবং পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে স্বামী তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন এবং পরে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
