রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘এনিমেল ফার্ম’। নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। জর্জ অরওয়েলের মূল উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ। ১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। উপন্যাসটির বহুল আলোচিত বক্তব্য- ‘সকল পশু সমান, তবে কেউ কেউ অধিকতর সমান’। নাটকটির নির্দেশক বলেন, ‘এনিমেল ফার্ম’ শুধু একটি পশুখামারের গল্প নয়; এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও ক্ষমতাকাঠামোর প্রতিচ্ছবি। ইতিহাসে আমরা দেখেছি, মানুষ বারবার মুক্তির স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষমতার পালাবদল ঘটলেও শোষণের কাঠামো বদলায়নি। জর্জ অরওয়েলের এই উপন্যাস আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।’ নাটকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন।
