মাদকের কারণে পরিবারে অশান্তি ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন বলে জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার রহমতপুরের (বাবনপাড়া) মাদক, চুরি ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত শুভ উদ্যোগ এবং সাহসী উদ্যোগ। কারণ, একটা সময় ছিল, যখন আমি একাই মাদকের বিরুদ্ধে সব জায়গায় কথা বলতাম। যেখানেই যেতাম, শুধু মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। মাদকের বিরুদ্ধে কথা বলতে যেসব প্রোগ্রামে গিয়েছি, যেসব অনুষ্ঠানে গিয়েছি, সব জায়গায় আমি মাদকের বিরুদ্ধে কথা বলেছি।
মাদকের ভয়াবহতা তুলে ধরে সংসদ সদস্য বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলার প্রভাব পড়তে শুরু করেছে। গত পরশু একজন মা তাঁর ছেলের হাতে মাথায় আঘাত পেয়েছেন—মাদকের কারণে। এ ধরনের ঘটনা পরিবার ও সমাজে মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে।
বক্তব্যে তিনি সময়ের স্বল্পতার কথা উল্লেখ করেন। এ সময় কাজী নজরুল সাহেবের পক্ষ থেকে একটি মিছিল করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব কাজী মইনুদ্দিন আহমাদ। সভায় মাদক, চুরি ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এলাকায় অপরাধ প্রতিরোধ ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
The post মাদকের ভয়াবহতা তুলে ধরে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান এমপি বাচ্চুর appeared first on Dhaka Protidin.
