জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে সাফল্য অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ। খুলনার বিএল কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা গোলক ও চাকতি নিক্ষেপে চ্যাম্পিয়নসহ একাধিক ইভেন্টে রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করেন। একই সঙ্গে কলেজের ছাত্র ক্রিকেট দল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রতিযোগিতা করার গৌরব অর্জন করেছে। ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী আছিয়া আনান মিথিলা গোলক ও চাকতি নিক্ষেপÑ দুটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হন। অন্যদিকে ছাত্রদের ৪০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে দুটি ইভেন্টে রানার্সআপ হন ছোটন আহম্মেদ এবং ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেন আল আমিন। এ ছাড়া ছাত্রীদের দীর্ঘ লাফ ইভেন্টে সুমাইয়া আক্তার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। এদিকে তাদের সম্মান জানাতে গতকাল মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সাত্তার ও ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ অন্যান্য শিক্ষকম-লী।