জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব ডেপুটি স্পিকারের
সরকারের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দল চাইলে ছায়া মন্ত্রিসভা (শ্যাডো ক্যাবিনেট) গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে সংসদকে রাষ্ট্র পরিচালনার সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ৩১তম ব্যাচের নবীনবরণ ও শরৎ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, শুধু রাজনৈতিক সংস্কারের মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এর পাশাপাশি আমলাতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে কার্যকর ও পেশাদার হিসেবে গড়ে তোলার মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমাতে হবে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতি ও সিদ্ধান্ত পর্যালোচনা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে। এর মাধ্যমে প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি বিকল্প নীতি ও কর্মপরিকল্পনা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
ছায়া মন্ত্রিসভার কার্যক্রম ব্যাখ্যা করে ডেপুটি স্পিকার বলেন, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের দায়িত্বপ্রাপ্ত নেতা থাকতে পারেন। তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশ্ন ও বিকল্প প্রস্তাব তুলে ধরবেন।
উদাহরণ দিয়ে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের বিপরীতে দায়িত্বপ্রাপ্ত নেতা বাজেট ও অর্থনৈতিক নীতি বিশ্লেষণ করতে পারেন। একইভাবে শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্রসহ অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যালোচনা করে সরকারের নীতি ও সিদ্ধান্তের বিষয়ে সংসদে প্রশ্ন তোলা এবং বিকল্প পরিকল্পনা উপস্থাপন করা সম্ভব। এতে সরকারের জবাবদিহিতা বাড়ার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের চর্চা আরও কার্যকর হবে।
১৯৯১ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে কায়সার কামাল বলেন, ওই সময়ে দেশে সংসদীয় গণতন্ত্রের সূচনা হয় এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এরপরও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। বরং সময়ের সঙ্গে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। এর অন্যতম কারণ ছিল প্রাতিষ্ঠানিক সংস্কারের ঘাটতি।
তিনি আরও বলেন, কেবল সরকারের পরিবর্তন হলেই দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত হবে না। রাষ্ট্রীয় ব্যবস্থাকে কার্যকর করতে আমলাতন্ত্রের সংস্কার জরুরি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিবর্তন এনে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে। পেশাদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সংসদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরসহ অন্যরা।
The post জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব ডেপুটি স্পিকারের appeared first on Rising Cumilla.
