রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটে ছুটির দিনে দুপুরে ফাঁকা সড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পুলিশের হোন্ডা মোবাইল ডিউটির সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) ও আবির ব্যাপারী শান্ত (২৩)। তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আসাদ গেট এলাকায় হোন্ডা মোবাইল ডিউটি করার সময় সন্দেহভাজন ওই তিন যুবককে আটক করেন এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল ও ইমদাদ।
পরে তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ব্যক্তিদের নাম-ঠিকানা যাচাই এবং তাদের অপরাধসংক্রান্ত তথ্য পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের অভিযান চলমান রয়েছে।’
