মুন্সীগঞ্জ থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী কক্সবাজারের হোটেলে উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর গত ১৭ অক্টোবর গভীর রাতে কলাতলী এলাকার গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তিন ছাত্রীর প্রত্যেকের বয়স ১৪ বছর। তাদের মধ্যে দুজন ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং অন্যজন দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তিন কিশোরী। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরদিন এক ছাত্রীর মা শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তাদের উদ্ধারে তদন্ত শুরু করে।
তদন্তে পুলিশ জানতে পারে, রাঙামাটির কোতোয়ালি এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরের সঙ্গে নিখোঁজ এক ছাত্রীর টিকটক ও ফ্রি ফায়ার গেমের মাধ্যমে পরিচয় হয়েছিল। সেই সূত্র ধরে পুলিশ রাঙামাটিতে গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে। পরে পাওয়া তথ্যের ভিত্তিতে তিন ছাত্রীর কক্সবাজারে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়।
পুলিশের একটি দল গত ১৭ অক্টোবর রাত ৩টা ৪০ মিনিটে কক্সবাজারের কলাতলী এলাকার গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্টে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, তিন ছাত্রী নিজেদের নবম শ্রেণির শিক্ষার্থী পরিচয় দিয়ে ঢাকার মিরপুরের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে হোটেলটির একটি কক্ষ তিন দিনের জন্য ২০ হাজার টাকায় ভাড়া নিয়েছিল। এ ক্ষেত্রে স্থানীয় এক অটোরিকশাচালক তাদের সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ছাত্রীরা পারিবারিক মনোমালিন্য, অশান্তি, কঠোর অনুশাসন, অপমান ও স্বাধীনতার অভাবের কথা জানিয়েছে বলে পুলিশ জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবও তাদের বাড়ি ছাড়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ধারণা পুলিশের।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কক্সবাজার থেকে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে তিন কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
