রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারাEi Samay
Published on
:
1 min read
এই সময়, ঘাটাল: দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা। খানা-খন্দে ভরা। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ বাসিন্দাদের। পুজোর আগে তাই বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ঘাটালের মনোহরপুর নাগরিক মঞ্চের ব্যানারে পথ অবরোধ করলেন বাসিন্দারা। প্রায় পাঁচ ঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
জানা গিয়েছে, ঘাটালের মনোহরপুর-১ ও মনোহরপুর-২ পঞ্চায়েতের বহু গ্রামের যাতায়াতের জন্য ঘাটাল-রানিচক গ্রাম সড়ক যোজনার রাস্তাটিই ব্যবহার করেন বাসিন্দারা। স্কুল, কলেজ, হাসপাতাল-সহ জরুরি প্রয়োজনে ব্যবহার করা হয় এই রাস্তাটি। ঘাটাল শহরের ঘড়িমোড় থেকে রানিচক পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পিচের প্রলেপ উঠে গিয়ে মোরাম রাস্তায় পরিণত হয়েছে সেটি। প্রতিদিনই কোনও না কোনও দূর্ঘটনা ঘটছে। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি তাঁদের।
গ্রামবাসীদের অভিযোগ, মেরামতের জন্য পঞ্চায়েত এবং বিডিও অফিসে একাধিক বার ডেপুটেশন দেওয়া হয়েছে। বহু আন্দোলন, পথ অবরোধও করা হয়েছে। কিন্তু তার পরেও রাস্তার হাল ফিরেনি। মঙ্গলবার তাই নাগরিক মঞ্চ গড়ে সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত পাঁচঘণ্টা মনোহরপুর পোল এলাকা পথ অবরোধ করেন বাসিন্দারা। অবরোধকারী অনিমা মাজি, জগন্নাথ চক্রবর্তী বলেন, 'সাত- আট বছর ধরে রাস্তার এই অবস্থা। ভেবেছিলাম পুজোর আগে রাস্তাটি মেরামত করা হবে। কিন্তু সেটাও করা হলো না। দ্রুত এই রাস্তা মেরামত করা হোক।' প্রায় পাঁচ ঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
ঘাটাল ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস্তা নতুন করে তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি বা এসআরডিএ-কে। টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। পুজোর পরেই কাজ শুরু হবে। বিধায়ক শীতল কপাট বলেন, 'পুজোর সময় মানুষকে হয়রানির মধ্যে ফেলতে কিছু ককরোচ গ্যাং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাস্তা অবরোধ করেছে। আমরা জানি কোথায় উন্নয়ন করতে হবে।'