মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে সাজেদা বেগম (৪০) নামের এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, নালী এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলামের নেতৃত্বে সেখানে এক আকস্মিক অভিযান চালানো হয়।
অভিযানকালে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ঘিওর উপজেলা ভূমি কার্যালয়ের সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন ও ঘিওর থানা পুলিশের একটি দল সহায়তা করে।
ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জেএইচআর
