বাবার দীর্ঘদিনের সুপ্ত স্বপ্ন পূরণ করতে আকাশপথে হেলিকপ্টারে চড়ে কনে আনতে গেলেন সৌদি আরব প্রবাসী মো. শাহ জালাল। বিয়ে সম্পন্ন হওয়ার পর জীবনসঙ্গিনীকে সঙ্গে নিয়ে একই হেলিকপ্টারে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। এই ব্যতিক্রমী ও চোখ জুড়ানো আয়োজনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চারিপাড়া গ্রামে তৈরি হয় দারুণ উৎসবমুখর পরিবেশ। বর-কনেকে একনজর দেখা এবং হেলিকপ্টারের ওড়াউড়ি দেখতে চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিড় জমান হাজারো উৎসুক জনতা।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে বরযাত্রীবাহী হেলিকপ্টারটি। বর সেজে আসা মো. শাহ জালাল পার্শ্ববর্তী বাঙ্গরা উপজেলার সোনাকান্দা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। চারিপাড়া গ্রামের ব্যবসায়ী খুরশিদ আলমের কন্যা নাহিদা ইসলামের সঙ্গে তার এই বিবাহ সম্পন্ন হয়।
বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণের খবর চারদিকে ছড়িয়ে পড়তেই চারপাশ থেকে ছোটছুটে আসে সব বয়সের মানুষ।
বরের বাবা জয়নাল আবেদীন জানান, ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ের পিঁড়িতে পাঠাবেন—এটি ছিল তার জীবনের এক সুপ্ত স্বপ্ন। মহান আল্লাহ সেই স্বপ্ন পূরণ করায় তিনি অত্যন্ত আনন্দিত।
সৌদি প্রবাসী বর মো. শাহ জালাল বলেন, আমার বাবার ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে আমার জীবনসঙ্গিনীকে ঘরে তুলে আনি। আল্লাহর অশেষ রহমতে বাবার সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। সবাই আমাদের নতুন সংসারের জন্য দোয়া করবেন।
