হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন থেকে চার মাস ধরে লাগেজ কাটা, ছেঁড়া বা ছুড়ে ফেলার মতো ঘটনা ঘটছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো এবং বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লাগেজ পেতে কতক্ষণ সময় লাগছে, সে বিষয়ে খোঁজ নেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ পরিকল্পনা একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেই পরিকল্পনা বাস্তবায়নে ধীরে ধীরে কাজ করছেন।
এর আগে বিমানবন্দরে যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন বলে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেই ওই তথ্য জানিয়েছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ট্রল করা হলেও যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনি কথাগুলো বলেছিলেন।
বিজ্ঞাপন
বিমানমন্ত্রী বলেন, লাগেজ কাটা, ছেঁড়া বা ছুড়ে ফেলার মতো ঘটনা ঠেকাতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনার দিনই সিদ্ধান্ত নিয়েছিলেন। এ সময় প্রশাসন, অপারেশন ও নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্ক্যানার স্থাপন এবং যাত্রীদের অভিযোগ ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ডিসপ্লে বসানোর উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, ডিসপ্লে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় দুই মাস আগে। পরে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ ও স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। ফলে যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করছেন তিনি।
মন্ত্রী আরও বলেন, পরিদর্শনের সময় অনেক যাত্রী জানিয়েছেন, তারা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। কেউ কেউ আরও কম সময়ে লাগেজ পাওয়ার কথা বলেন। তবে উড়োজাহাজ থেকে নেমে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্টে পৌঁছাতে যাত্রীদের আলাদা সময় লাগে।
বিজ্ঞাপন

তিনি বলেন, বিমানবন্দর নিয়ে আগে যে বদনাম ছিল, তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। লাগেজ ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা গেলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং সেবার মান বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিয়াদগামী ফ্লাইট স্থগিত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে পুনরায় এ রুটে ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি লাঘবের বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
