বলিউড অভিনেতা রাজকুমার রাও বরাবরই তাঁর সাবলীল অভিনয় গুণে মন জয় করে নিয়েছেন দর্শকদের। দীর্ঘদিনের ফিল্মি ক্যারিয়ারে আজ তিনি একজন অভিজ্ঞ অভিনেতা। যদিও তাঁর মধ্যে কখনই তারকা সুলভ সেই আচরণ ধরা পড়ে না। সামনেই মুক্তি পেতে চলেছে রজকুমার অভিনীত সিনেমা প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অফ উজ্জ্বল নিকাম।
মুম্বাইয়ের ২৬/১১ জঙ্গি হামলার সাথে সম্পর্কিত একটি কোর্ট-রুম ড্রামাতে উজ্জ্বল নিকামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাস্তবে ইনিই মুম্বাই হামলার একমাত্র জীবিত সন্ত্রাসী আজমল কাসভের প্রসিকিউশনের প্রতিনিধিত্ব করেছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে উজ্জ্বল নিকাম জানিয়েছেন প্রথমদিকে তিনি জানতেন না তাঁকে নিয়ে নির্মিত সিনেমায় প্রধান চরিত্রের অভিনেতা রাজকুমার রায় কে? তাই সিনেমার পরিচালক অবিনাশ অরুণ যখন প্রথমবার তাঁর চরিত্রের জন্য রাজকুমার রাওয়ের কথা বলেছিলেন তখন তিনি তাঁর কাছে জানতে চেয়েছিলেন, 'অবিনাশ জি এই রাজকুমার রাও কে?'
তখন বোঝার সুবিধার জন্য পরিচালক রাজকুমার রাও অভিনীত বেশ কিছু সিনেমা এবং তাঁর কেরিয়ার সম্পর্কে বলেছিলেন। পরিচালকের মুখে অভিনেতার প্রশংসা শুনে তাঁকে সামনে থেকে দেখার জন্য শুটিং স্পটে হাজির হয়েছিলেন উজ্জ্বল নিকাম। সেদিন শুটিং স্পটে, সামনে থেকে রাজকুমার রাওকে অভিনয় করতে দেখে, এবং তাঁর সঙ্গে পরিচয় করে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি।
রাজকুমার রাওয়ের প্রশংসা করে উজ্জ্বল নিকাম বলেছেন, 'উনি ভীষণ ডাউন টু আর্থ এবং সহজ সরল মানুষ। তাঁর মধ্যে তারকা সুলভ সেই আচরণ নেই। তিনি একজন সত্যিকারের অভিনেতা। এছাড়া তাঁর চরিত্রে অভিনয় করার জন্য একেবারে সঠিক অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে বলে পরিচালককেও প্রশংসায় ভরিয়েছেন তিনি।
অন্যদিকে রাজকুমার রাও জানিয়েছেন এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি উজ্জ্বল নিকমের সাথে সময় না কাটালেও, প্রস্তুতির জন্য তার বেশ কিছু ভিডিও দেখেছিলেন।
https://youtu.be/vZCv49OXTLI?si=YxWdb1kCOr6QPuNg
অন্যদিকে প্রহার সিনেমা নির্মাণের আগে নির্মাতাদের সামনে বেশ কিছু শর্ত রেখেছিলেন উজ্জ্বল নিকাম। বিশেষ করে তাঁর শর্ত ছিল গল্পটিতে অবশ্যই বাস্তব ঘটনা দেখাতে হবে, শুধু তাই নয় আইনি কার্যক্রমের সাথে যুক্ত কোন ব্যক্তিকে মহিমান্বিত করা যাবে না।
