নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের চিঠিটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশনের প্রশাসক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
নির্দেশনায় রাষ্ট্রীয় জরুরি বিষয়গুলোকে স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অন্যান্য কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে।
