গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মুকসুদপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কেজি স্কুল মাঠে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় মহড়া পরিদর্শন করা হয়।
পরে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে মুকসুদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী ওলিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আনোয়ার হোসেন এবং মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস প্রমুখ।
