জামালপুরের সীমান্ত এলাকায় নৌকাযোগে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৯০ লাখ টাকার থান কাপড় জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজ্ঞাপন
শুক্রবার মধ্যরাতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা সীমান্তের মেকুরআলগা এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী মেকুরআলগা এলাকা দিয়ে নৌকাযোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান চালান। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি নৌকাসহ ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করা হয়।
শনিবার সকালে জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এমই
