জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় ভূমিকা রাখবে সংসদীয় ককাস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
-->জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও বাস্তুচ্যুত মানুষের সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে সংসদীয় ককাস। তৃণমূল পর্যায়ে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ লাঘব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়েও ভূমিকা রাখবে এ ককাস।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।
‘ইন্ট্রোডিউসিং দ্য পার্লামেন্টারি ককাস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ শীর্ষক অধিবেশনে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সংসদ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সংসদীয় ককাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে গঠিত এ ককাস সম্মিলিতভাবে কাজ করবে।
ডেপুটি স্পিকার বলেন, ককাসের মাধ্যমে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও বাস্তুচ্যুত মানুষের সমস্যা চিহ্নিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে ভূমিকা রাখতে পারবেন।
তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য খুব সামান্য দায়ী হলেও এর বিরূপ প্রভাবের শিকার হচ্ছে বেশি। বাস্তুচ্যুত মানুষের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ককাসের চেয়ারপারসন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, জনগণের সমস্যা সমাধান ও দুর্যোগ থেকে সুরক্ষায় সংসদের ভেতরে-বাইরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার চেষ্টা করবেন তারা।
অনুষ্ঠানে রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, আবুল হোসেন খান, মো. আনোয়ারুল হক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সংস্থা, দূতাবাস, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
এলিস/এএফ
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম
খবরের কাগজ গ্রাফিকস
-->দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে তিনজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৩ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে বরিশাল বিভাগে ২১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, রাজশাহী বিভাগে ১৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশন এলাকাসহ মোট ১৪৩ জনের প্রাণহানি ঘটেছে।
বিভাগভিত্তিক হিসাবে, খুলনায় ৬৫ জন, চট্টগ্রামে ৩০ জন, বরিশালে ২৬ জন, ময়মনসিংহে ২৫ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে তিনজন মারা গেছেন।
সালমান/
আরও পড়ুন
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২৭
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
-->দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩২৭ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
এত বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৯৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১২৮ জন। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৮৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
সালমান/
আরও পড়ুন
‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন, নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
-->ঢাকা জেলা প্রশাসনের ডিজিটাল নাগরিকসেবা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন করে সহায়তা পেয়েছেন নবাবগঞ্জের চার অসহায় ব্যক্তি। তাদের মধ্যে দুজন স্বামীহারা নারী, একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি ও একজন মেধাবী শিক্ষার্থী রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নবাবগঞ্জ উপজেলায় উপস্থিত হয়ে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান তুলে দেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকসেবা সহজীকরণ এবং প্রান্তিক মানুষের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে নাগরিকেরা সরাসরি তাদের সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়ে আবেদন করতে পারেন। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিদের সহায়তা দেওয়া হচ্ছে।
সহায়তা প্রাপ্তদের মধ্যে বারুয়াখালী ইউনিয়নের লিলি বেগম চার বছর আগে স্বামীকে হারানোর পর এক মেয়েকে নিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। জীবিকা নির্বাহের জন্য তিনি অ্যাপের মাধ্যমে সেলাই মেশিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়।
কলাকোপা ইউনিয়নের সুমন সাহা নবাবগঞ্জ কলেজে অনার্স পর্যায়ে অধ্যয়নরত একজন মেধাবী শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার খরচ চালাতে সহায়তা চেয়ে আবেদন করলে তাকে আর্থিক অনুদান দেওয়া হয়। কৈলাইল ইউনিয়নের হৃদরোগে আক্রান্ত শেখ কাজিম উদ্দিনের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে, আগলা ইউনিয়নের স্বামীহারা যমুনা মণ্ডল মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে সংসার চালান। তার জীবিকা নির্বাহের জন্যওে আর্থিক সহায়তা দেওয়া হয়।
সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত লিলি বেগম বলেন, চার বছর আগে স্বামী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। একদিন ‘হ্যালো ডিসি’ অ্যাপে সেলাই মেশিনের জন্য আবেদন করি। এই মেশিন দিয়ে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এতে মেয়েকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারব। জেলা প্রশাসক নিজে এসে আমাদের হাতে সহায়তা তুলে দেবেন, তা ভাবিনি।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকসেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকেরা সরাসরি তাদের সমস্যা ও প্রয়োজনের কথা জানাতে পারছেন। আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রকৃত অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তিনি আরও বলেন, সরকারি সেবা যেন মানুষের কাছে সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছায়, সেটিই আমাদের লক্ষ্য। অসহায় নারী, অসুস্থ ব্যক্তি ও আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ডিজিটাল মাধ্যমে আবেদন করে সরাসরি সহায়তা পাওয়ার এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য সরকারি সেবা গ্রহণের পথ সহজ করছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল মানুষের প্রয়োজনের সময়ে এমন সহায়তা তাঁদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করছে।
তপন/এএফ
আরও পড়ুন
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর থেকে
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
ফাইল ফটো
-->ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অনুযায়ী আগামী ৯ নভেম্বর থেকে এ অধিবেশন শুরু হবে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ৯ নভেম্বর (সোমবার) বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর রাত ৮টা ২৪ মিনিটে শেষ হয়।
অমিয়/
