সংবাদ · সাধারণ
বায়ার্ন-আর্সেনাল রোমাঞ্চকর লড়াই, পয়েন্ট ভাগাভাগি
২২/১০/২০২৬

ভাইরাসে আক্রান্ত কোচ ভিনসেন্ট কোম্পানির ডাগআউটে থাকা নিয়ে অনিশ্চয়তা এবং গোলপোস্টের নিচে মানুয়েল ন্যয়ারের ফিটনেস নিয়ে সংশয়–সব শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। তবে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জার্মান ক্লাবটি। আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত এক লড়াইয়ের পর শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের।ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল সতর্ক অবস্থানে। এর মধ্যেই সপ্তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্সেনাল অধিনায়ক বুকায়ো সাকা। তবে বদলি নামা এবেরেচি এজে ২৫ মিনিটে মার্টিন ওডেগার্ডের লম্বা পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ঠিকই এগিয়ে নেন গানারদের (১-০)।তবে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বায়ার্ন। ৩৫ মিনিটে হ্যারি কেইনের অসাধারণ এক পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় দাভিদ রায়াকে পরাস্ত করেন আলফোনসো ডেভিস (১-১)। চলতি মৌসুমে এটি হ্যারি কেইনের সপ্তম অ্যাসিস্ট।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৪৮ মিনিটে ব্রুনো গিমারাইসের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন ন্যয়ার। পরের মিনিটেই বায়ার্নের উপামেকানোর হেড দুর্দান্তভাবে প্রতিহত করেন রায়া।অবশেষে ৬১ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। আর্সেনালের ইয়ুরিয়েন টিম্বারের হাতে বল লাগলে ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিক থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ইংলিশ স্ট্রাইকার।ম্যাচ যখন বায়ার্নের জয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসে আর্সেনাল। ৮২ মিনিটে ননি মাদুয়েকের আক্রমণ থেকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার নিচু শটে গোল করেন ডেকলান রাইস। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় হাইভোল্টেজ এই ম্যাচ।এই ড্রয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে আর্সেনাল। অন্যদিকে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানো বায়ার্ন ৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪তম স্থানে।/
মূল প্রতিবেদনে যান ↗