শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!
গাজীপুরের শ্রীপুরে জমি নিজের নামে লিখে না দেওয়ায় ১৩৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ছেলে আব্দুল কাদিরের বিরুদ্ধে। তার দাবি, নিজের অংশের জমি রেজিস্ট্রি করে না দেওয়া পর্যন্ত বাবাকে হাসপাতালে নিতে দেবেন না তিনি। এ জন্য জেল-ফাঁসি হলেও তার কোনো সমস্যা নেই। এমনকি শক্তি থাকলে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।
এদিকে গুরুতর অসুস্থ বৃদ্ধ মন্সুর আলী শেখ দীর্ঘদিন ধরে বাড়িতে বিছানায় পড়ে রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার অভাবে তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালীপাড়া এলাকায় এই ঘটনা সামনে আসে। বৃদ্ধের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
পরিবারের অভিযোগ, মন্সুর আলী শেখের জমি রেজিস্ট্রি করে দেওয়াকে কেন্দ্র করে তার দুই ছেলে আব্দুল কাদির ও আব্দুর রশিদের সঙ্গে বিরোধ চলছে। জমি লিখে না দেওয়ায় বাবার চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বৃদ্ধের আরেক ছেলে আবু সাঈদ।
আবু সাঈদ জানান, তার বাবা গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে বাড়িতে বিছানায় পড়ে থাকায় এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। এ অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন হলেও দুই ভাইয়ের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে অভিযুক্ত আব্দুল কাদির সাফ জানিয়ে দিয়েছেন, নিজের অংশের জমি লিখে না দেওয়া পর্যন্ত তিনি বাবাকে হাসপাতালে নিতে দেবেন না। এ জন্য জেল-ফাঁসি হলেও তার সমস্যা নেই। এমনকি শক্তি থাকলে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
এ ছাড়া বৃদ্ধের বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এতে অসুস্থ বৃদ্ধকে বাড়ির বাইরে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে, তবে একজন গুরুতর অসুস্থ বৃদ্ধের চিকিৎসা বন্ধ করে দেওয়া অত্যন্ত অমানবিক ও উদ্বেগজনক। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া এবং সুচিকিৎসার ব্যবস্থা করা জরুরি। এ জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার স্থানীয় সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে তারা উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। দ্রুত প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধকে হাসপাতালে স্থানান্তর, তার চিকিৎসা নিশ্চিত করা এবং চলাচলের পথের প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন মুরাদ ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ভূঞা জানান, বিষয়টি জানার পরপরই গ্রাম পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
