কালবেলা · আন্তর্জাতিক
জাপানে উড়োজাহাজে সাপ, বাতিল ফ্লাইট
২৩/১০/২০২৬

জাপানের ফুকুওকা বিমানবন্দরে উড়োজাহাজের কার্পেটের নিচে সাপ পাওয়ায় একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। উড়োজাহাজটির এক মেকানিক সাপটি দেখতে পান।
সাপটি প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা ছিল। তবে এটি বিষধর নয়। প্রায় ২৪ ঘণ্টা পর একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সাপটিকে উদ্ধার করেন।
উড়োজাহাজটি ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় পৌঁছেছিল। সেখান থেকে কাগোশিমা প্রশাসনিক এলাকার উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাপটি দেখতে পাওয়ার পর ফ্লাইট বাতিল করা হয়।
ধারণা করা হচ্ছে, বন্য পরিবেশ থেকে সাপটি উড়োজাহাজের ভেতরে ঢুকেছিল। তবে কীভাবে এটি ভেতরে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে জাপানের বিমান সংস্থা জাপান এয়ার কমিউটার। সংস্থাটি জানিয়েছে, তাদের কোনো উড়োজাহাজের যাত্রীদের বসার জায়গায় সাপ পাওয়ার ঘটনা এবারই প্রথম।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট।
মূল প্রতিবেদনে যান ↗