কালবেলা · সাধারণ
মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে মিলল ৯ ককটেল
১২/১০/২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি ভ্যানিটি ব্যাগে রাখা ৯টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে এসআরবি-২।
সোমবার (১২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা সূত্রে ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুত রাখার তথ্য পায় সংস্থাটি। পরে ওই এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভ্যানিটি ব্যাগে থাকা ৯টি ককটেল শনাক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে এসআরবি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এরপর সেগুলো নিরাপদে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২। একই সঙ্গে ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করে জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম চলছে।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে তারা তৎপর রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗