বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শিবগঞ্জে জামায়াত-শিবির, আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ময়দানহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দেন তারা।
জানা গেছে, জামায়াত নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত কর্মী বিএনপিতে যোগ দেন। পরে শিবগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়াসহ যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সমর্থক বিএনপিকে যোগদান করেন।
এ সময় যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে মীর শাহে আলম বলেন, এটি শুধু একটি যোগদান নয়, এটি স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের একতাবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি এখন জনগণের একমাত্র ভরসা, আর ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক।
তিনি নবাগতদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
