নাট্যদল আর্ট ইউনিটের নাটক ‘আমিনা সুন্দরী’র শততম প্রদর্শনী ঘিরে দুদিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে দলটি। আগামী ১৫ ও ১৬ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে ‘আমিনা সুন্দরী’ নাটকের ৯৯তম ও শততম প্রদর্শনীর। শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটি।
একই সঙ্গে চলতি বছরে দলটি সাড়ে তিন দশকের পথচলায় পা দিয়েছে, বর্ষপূর্তি ঘিরেও দলটি রেখেছে নানা আয়োজন। চট্টগ্রামের ৩০০ বছরের পুরোনো লোকগল্প ‘নছর মালুম আর ভেলুয়া সুন্দরীর’ কাহিঈ অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ রচনা করেছেন এস এম সোলায়মান। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। পুরুষশাসিত সমাজে নারীর সঙ্গে পুরুষের প্রবঞ্চনাকে উপজীব্য করে লেখা নাটকটের গল্প।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সংগীতা চৌধুরী, অপসরা মৌ, পল্লবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপ্লব, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজাসহ অনেকে।
২০০৭ সালে মঞ্চে আসে থিয়েটার আর্ট ইউনিটের ১২তম প্রযোজনা আমিনা সুন্দরী। দেশের বাইরেও প্রদর্শিত হয়েছে নাটকটি।