ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনটিকে শক্তিশালী করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর জিয়া সৈনিক দলের যৌথ উদ্যোগে আলফাডাঙ্গা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে একই স্থানে উপজেলা জিয়া সৈনিক দলের সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, জেলা জিয়া সৈনিক দলের দপ্তর সম্পাদক মহাসীন মেম্বার ও পৌর জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জুয়েল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে অন্তরে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জিয়া সৈনিক দল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাবে।
এসময় অন্যদের মধ্যে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান লঙ্কার, জেলা জিয়া সৈনিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম লাকু, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুন্সি, সিনিয়র সহ-সভাপতি মো. আশিকুল হক, পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, পৌর শাখার সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি লাভলু সর্দার ও সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল ইসলামসহ সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
