অগ্নিমিত্রা পালছবি: Facebook
Published on
:
1 min read
এই সময়: দুর্গাপুজোর আগে আলো আর রঙে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা এবং উড়ালপুল সাজাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। রবিবার সকালে সেই সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে গড়িয়াহাটে পৌঁছন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
নানা রঙে সেজে ওঠা গড়িয়াহাট উড়ালপুল পরিদর্শনের পাশাপাশি গড়িয়াহাট মোড় সংলগ্ন এলাকায় ডাস্টবিন বসানোর কাজের সূচনা করেন তিনি। মন্ত্রী বলেন, ‘গড়িয়াহাট উড়ালপুলের মতো শহরের আরও বেশ কয়েকটি উড়ালপুলকে একই কায়দায় সাজানো হবে।’
পার্ক সার্কাস সেভেন পয়েন্টের ধাঁচে পার্ক স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় আলপনা আঁকার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। হকারদের উদ্দেশে তাঁর অনুরোধ, সাধারণ মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত জায়গা রেখে যেন তাঁরা ব্যবসা করেন।
এ দিনের পরিদর্শনে পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক অব্যবস্থা নিয়েও উষ্মা প্রকাশ করেন মন্ত্রী। রাস্তার ধারে জমে থাকা জল ও ময়লার স্তূপ দেখে পুরসভার আধিকারিকদের দ্রুত সাফাইয়ের নির্দেশ দেন। পুজোর সময়ে জায়ান্ট স্ক্রিন নিয়ন্ত্রণের নামে রাস্তার উপরে প্লাইউড দিয়ে তৈরি অস্থায়ী ঘর দেখে স্পষ্ট জানান, ফুটপাথ বা রাস্তার উপরে কোনও ভাবেই বেআইনি অস্থায়ী কাঠামো বরদাস্ত করা হবে না।
পুজোর ভিড়ে শহরকে সুন্দর ও জঞ্জালমুক্ত রাখতে নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বসানো হলেও শহর পরিচ্ছন্ন রাখতে কড়া নজরদারির উপরেই জোর দিয়েছেন মন্ত্রী। পুজোর সময়ে যাতে বর্জ্য সংগ্রহের কাজে কোনও খামতি না–থাকে, সে নির্দেশও দেওয়া হয়েছে পুরসভাকে।