বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের আগে দেবী সীতার কাছে প্রার্থনা করেছিলেন অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি অমিতাভ বচ্চনের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে হাজির হয়ে নিজের চরিত্র নিয়ে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
সিনেমাটির প্রচারে অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে উপস্থিত হন রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। সেখানে সীতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে সাই পল্লবী জানান, এবার চরিত্রটি নিয়ে আগেভাগে কোনো হিসাব-নিকাশ করতে চাননি তিনি। বরং এই চরিত্র থেকে কী শিখতে পারবেন, সেটিই ছিল তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী বলেন, সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের সময় তিনি ভাবেন, সেই চরিত্রকে কী দিতে পারবেন। কিন্তু সীতার মতো চরিত্রের ক্ষেত্রে তাঁর ভাবনা ছিল ভিন্ন। এই চরিত্রের মাধ্যমে কী জ্ঞান ও উপলব্ধি অর্জন করতে পারবেন, তা জানতে চেয়েছিলেন তিনি। তাই সীতার কাছে প্রার্থনা করেই চরিত্রটির যাত্রা শুরু করেন।
অনুষ্ঠানের আরেকটি প্রচার ঝলকে উঠে আসে অমিতাভ বচ্চনের শৈশবের দীপাবলি উদ্যাপনের স্মৃতি। প্রতিবেশীর বাড়িতে বাজির শব্দের চেয়ে নিজেদের বাজির শব্দ বেশি জোরে হওয়া চাই—শৈশবের এমন মজার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। তাঁর কথা শুনে হেসে ওঠেন রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর দীপাবলি বিশেষ পর্বটি ২৯ ও ৩০ অক্টোবর রাত ৯টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভে প্রচারের কথা রয়েছে।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ দুই পর্বে নির্মিত একটি মহাকাব্যভিত্তিক সিনেমা। এতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবেকে দেখা যাবে। এ ছাড়া হনুমানের চরিত্রে সানি দেওল, দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত অভিনয় করছেন।
নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
