লাল-সাদা সিল্কের শাড়িতে সাবেকিয়ানার ছোঁয়া। লাল পাড়ে সোনালি নকশার বুননের সঙ্গে বেশ মানিয়েছে সোনালি গহনার যুগলবন্দি। সিঁদুরে রাঙা সিঁথি নিয়ে আদ্যোপান্ত বাঙালি সাজে লক্ষ্মী পুজোর দিন যেন ‘লক্ষ্মীমন্ত’ অনিন্দিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি বিজয়া দশমীতে নিজের আবাসনের দেবীবরণের সময়েও একই সাজে ধরা দিয়েছিলেন তিনি। তাতেই যেন চক্ষু চড়কগাছ সিংহভাগ নেটিজ়েনের। স্বামী হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের পরেও কেন সিঁথি রাঙানো থাকে অনিন্দিতার?
আনন্দবাজার ডট কম-এর তরফে অনিন্দিতার কাছে সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে খুব সহজভাবেই উত্তর দেন তিনি। তাঁর কাছে সিঁদুরের মাহাত্ম্য অন্য। অনিন্দিতা বলেন, “সিঁদুর আসলে শক্তির প্রতীক। বিবাহিত জীবনের ২৬ বছর পার করার পর মনে হয়েছে সিঁদুরের ভিন্ন এক মাহাত্ম্য রয়েছে, এর সঙ্গে কারও কোনও সম্পর্ক নেই।” তাঁর কথায়, “আমার কাছে সিঁদুর পরাটা কারও কেন্দ্রিক নয়।”
চলতি বছরের শুরুতেই সমাজমাধ্যমে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে কম আলোচনা হয়নি। বারাণসীতে চুপিসারে দ্বিতীয় বিয়ে সারেন তিনি। আপ্তসহায়ক ঋত্বিকা গিরির সঙ্গে সাতপাক ঘুরলেও অনিন্দিতার কথায়, “আমি এখনও ওর আইনত স্ত্রী। কাজেই আমি সিঁদুর পরতেই পারি।” নিজের আবাসনের সিঁদুরখেলাকে ঘিরেও তাঁর সহজ জবাব, “দশমীতে অনেকেই সিঁদুর পরেছেন। সিঁদুর খেলেছেন। অবিবাহিত মহিলারা তো বটেই, এমন অনেক মহিলারা সিঁদুর মেখেছেন, যাঁরা নিজেরাই স্বামীহারা।”
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
