প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে চট্টগ্রাম নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার জে এম সেন হল প্রাঙ্গণের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
মেয়রের ভাষ্যে, সড়ক উন্নয়ন ও ঐতিহাসিক স্থাপনা সংস্কারের কাজও চলছে। এসব কার্যক্রম শুধু সফর উপলক্ষে নয়, নগরবাসীর দীর্ঘমেয়াদি সুবিধার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জে এম সেন হলের পরিবেশ ও সাজসজ্জার পরিবর্তনের পাশাপাশি বিমানবন্দর সড়কসহ গুরুত্বপূর্ণ পথে চলমান কাজের কথা তুলে ধরেন মেয়র। ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে নগরের ইতিহাস জানাতে সেগুলো উপস্থাপনের ওপর গুরুত্ব দেন। পরিচ্ছন্ন ও জনবান্ধব নগর গড়ার কাজ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
