আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) মুক্তাগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোতে পূজা উদযাপনের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গাপূজা চলাকালে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি পূজা উদযাপন কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য অটুট রেখে উৎসবকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
The post মুক্তাগাছায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে জেলা প্রশাসক appeared first on ভোরের চেতনা.
