আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মেগা প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, আগামী বছরের জুনের মধ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।
রূপপুরকে একটি আধুনিক তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উল্লেখ করে কমিটিকে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনে এবং বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নের কথা উল্লেখ করে বৈঠকে আরও জানানো হয়, প্রকল্পটির কাজ সঠিক পথেই এগোচ্ছে।
বৈঠকে আরও জানানো হয়, শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়; জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ (রিসার্চ ভেসেল) নির্মাণের উদ্যোগও চলমান। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।
বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়াও সংসদ সদস্য (এমপি) এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর অংশ নেন।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি