প্রকাশিত: ১০:২৪, ২৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১০:২৬, ২৩ অক্টোবর ২০২৬
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কালিয়া থানা। ফাইল ফটো
নড়াইলের কালিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর নানা একই মাদ্রাসার শিক্ষক মুফতি শরীফ শহিদুল্লাহর (৪০) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে , ভুক্তভোগী শিশু কালিয়া কওমি মহিলা মাদ্রাসা জামাতের আবাসিক ছাত্রী। গত ২০ অক্টোবর দুপুরে দিকে ওই ছাত্রীকে দিয়ে পানি আনার কথা বলে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ এবং ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক শরীফ শহিদুল্লাহ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীকে এ ঘটনাটি কাউকে জানালে প্রাণ নাশের হুমকি দেন। পরে বাড়িতে ফিরে শিশুটি তার নানাকে বিষয়টি জানালে তিনি গত ২১ অক্টোবর রাতে কালিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক শরীফ শহিদুল্লাহ বলেন, “এটা সম্পূর্ণ যড়যন্ত্র, অভিযোগকারী আমাদের সঙ্গে শালিশ বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেছেন।”
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর নানা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
