মিল্টন সেন, হুগলি: শুরু হল দুর্গা পুজোর অনুদানের চেক। সোমবার সন্ধেয় চুঁচুড়া থানার উদ্যোগে হুগলি চুঁচুড়া পুরসভার সভাগৃহে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয় বারোয়ারি উদ্যোক্তাদের হাতে। এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় চুঁচুড়া থানা এলাকার প্রায় চার'শ পুজো কমিটির হাতে। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, মহকুমা শাসক অভিজিৎ সাহা, ডিসি চন্দননগর ডঃ এলেন জর্জ, ইস্কনের মহারাজ বৃন্দাবন প্রভু, সর্ববিত গোবিন্দ দাস, মাতারানি পলবী সাউ, বিজেপি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, এসিপি ডিডি সুমন চ্যাটার্জি, চুঁচুড়া থানার আইসি উত্তম শর্মা সহ পুজো উদ্যোক্তারা।
এদিন বক্তব্য প্রসঙ্গে পুজো উদ্যোক্তাদের আইন মেনে ভালভাবে উৎসব পালন করার উপদেশ দেন বিধায়ক সুবীর নাগ। বলেন, এবারে সকল পুজো কমিটির জন্য বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হয়েছে। তিনি আশাবাদী, ফ্রি বলে কোনও বারোয়ারি বিদ্যুতের অপব্যবহার করবে না।
অনুরোধ করেন সকল বারোয়ারি যাতে তারস্বরে লাউড স্পিকারের ব্যবহার না করেন। কোনও ভাবেই যাতে মানুষের অসুবিধে না হয়, সেদিকে নজর রাখতে হবে। ডিসি চন্দননগর বলেন, প্রত্যেক পুজো কমিটিকে পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখতে হবে। পুজোর আগেই ভলেন্টিয়ারদের লিস্ট ফোন নম্বর সহ থানায় দিয়ে রাখতে হবে। প্রত্যেক মণ্ডপে সিসি টিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক।
সঙ্গে সেই সিসি ক্যামেরার কম করে সাত দিনের ফুটেজ ব্যাকআপ রাখার ব্যবস্থাও রাখতে হবে। কোনও সমস্যা হলেই জানাতে হবে। সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নেবে। তিনি আশাবাদী সকলে সরকারি নিয়ম বিধি মেনে চলবেন। অনুদান দেওয়া হলো। আগামী উৎসবের দিনগুলো সকলের ভালো কাটুক। আয়োজিত অনুষ্ঠানে পুজো উদ্যোক্তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়।
https://www.youtube.com/watch?v=jNGYSN4KXPc
