ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
ভারতের স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির নতুন যাত্রায় রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি।
গতকাল বিধানসভার নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বৈঠকের পর বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন।
বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিল, ক্ষমতায় এসে তারা নবান্নের পরিবর্তে রাইটার্স বিল্ডিংস থেকে রাজ্য সরকার পরিচালনা করবে। তবে ভবনটির সংস্কারকাজ এখনো সম্পূর্ণ হয়নি। ফলে আজ শপথ গ্রহণের পর শুভেন্দু একবার সেখানে যেতে পারেন। এরপর তিনি যাবেন বিধানসভায়, যেখানে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের কয়েকজন মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ব্রিগেড ও সংলগ্ন ময়দান এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন অজয় নন্দ। তার সঙ্গে কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি, যুগ্ম সিপি ও ডিসিরাও দায়িত্ব পালন করবেন।
এদিকে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শনিবার কলকাতা শহরে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
