‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানে অক্টোবর মাসজুড়ে ষষ্ঠবারের মতো বই উপহার কর্মসূচি পালন করছে চাঁদপুরের চর্যাপদ সাহিত্য একাডেমি।
এ কর্মসূচিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন একাডেমির তিন সদস্য।
মনোনীতরা হলেন একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পরিচালক রাসেল ইব্রাহীম এবং নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।
সার্বিক বিবেচনায় জয়ন্তী ভৌমিক সেরা নির্বাচিত হয়েছেন। পয়েন্ট সমান হওয়ায় রাসেল ইব্রাহীম ও কামরুন্নাহার বিউটিকে যৌথভাবে শ্রেষ্ঠ সারথি ঘোষণা করা হয়েছে। এর আগে টানা চারবার এ সম্মাননা অর্জন করেছিলেন জয়ন্তী ভৌমিক।
গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বই উপহার মাসের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে পথেঘাটে, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন যানবাহনে মানুষের হাতে বই তুলে দিচ্ছেন একাডেমির সদস্যরা। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও শিশুতোষ সাহিত্যসহ বিভিন্ন ধরনের প্রায় এক হাজার বই বিনা মূল্যে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি।
সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় বই পাচ্ছেন।
বই উপহার মাসের আহ্বায়ক ও চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির প্রত্যয় থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
একাডেমির সদস্যরা নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন এলাকায় বই বিতরণ এবং কর্মসূচির প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন। একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, সদস্যরা প্রতিদিন বিভিন্ন স্থানে গিয়ে বই উপহার দিতে শ্রম ও সময় ব্যয় করেছেন।
কর্মসূচিতে যাদের অবদান তুলনামূলক বেশি তাদের উৎসাহিত করতে প্রতিবছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি’ সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা বলেন, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বই উপহার কার্যক্রম চালিয়ে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি।
২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বই উপহার মাস পালন করছে। এ পর্যন্ত ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে সংগঠনটি। এবারের আয়োজনে সহযোগিতা করছে ফোকাস মোহনা ডটকম ও প্যাপিরাস পাঠাগার।
বিআলো/আমিনা