২৮ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ২৮ মিনিট আগে
স্পোর্টস ডেস্ক
ছবি: এএফপি
ইংল্যান্ডের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জেতানো আরাফাত মিনহাসের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ২০ বছর বয়সী এই অলরাউন্ডারকে ‘অসাধারণ প্রতিভাবান’ আখ্যা দিয়ে পাক অধিনায়কের মন্তব্য, মিনহাস কেবল ব্যাটার বা বোলার নন, বরং এক খাঁটি অলরাউন্ডার।
রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে আগে ব্যাট করে ৩০২ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ১৩৩ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাট হাতে ৫৮ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে টেনে তোলেন মিনহাস। পরে বল হাতেও ইংলিশ ব্যাটারদের ওপর তাণ্ডব চালান এই বাঁহাতি স্পিনার। ৪০ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ২১৫ রানে গুটিয়ে দেন, দলকে ৮৭ রানের বড় জয় এনে দিতে প্রধান ভূমিকা রাখেন তিনি।
ম্যাচ শেষে তরুণ এই অলরাউন্ডারের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে আফ্রিদি বলেন,
‘সে একজন অসাধারণ প্রতিভাবান এবং একজন খাঁটি অলরাউন্ডার, শুধু কোনো ব্যাটার বা বোলার নয়। যেভাবে সে প্রথমে ব্যাট হাতে অবদান রাখলো এবং পরে বল হাতে ভালো পারফর্ম করলো, তা পাকিস্তানের জন্য বড় একটি ইতিবাচক দিক। আশা করি, তার কাছ থেকে আমরা এমন আরও অনেক পারফরম্যান্স দেখতে পাবো।’
গত মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে অবশ্য বোলিং দিয়েই আলোচনায় এসেছিলেন মিনহাস। নিজের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে নায়ক বনেছিলেন তিনি। তবে মিনহাস যে স্রেফ একজন বোলার নন সেটা জানান দিলেন ভালো করে। ব্যাট হাতে সমান পারদর্শিতা দেখিয়ে সাদা বলে পাকিস্তানের বড় ভরসা হওয়ার আভাস দিয়ে রাখলেন এই তরুণ।
