কালীঘাটে পাড়ার পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ।
Published on
:
1 min read
কালীঘাটে পাড়ার পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল। মমতাপন্থী তৃণমূলের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘুসি মারার চেষ্টা করেছেন এক মহিলা। এ নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মমতা শিবিরের তৃণমূল নেতারা।
মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে নিজের পাড়ার মিলন সঙ্ঘ পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মমতা। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেনও। কালীঘাটপন্থী তৃণমূল নেতাদের অভিযোগ, সেই পুজোমণ্ডপে যাওয়ার সময়ে মমতাকে ঘিরে থাকা বলয়ের মধ্যে ঢুকে পড়েন অজ্ঞাতপরিচয় এক মহিলা। শুধু তা-ই নয়, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘুসি মারার চেষ্টাও করেন। কিন্তু আশপাশে থাকা লোকজন তাঁকে আটকান। ভিড়ে ধস্তাধস্তির মধ্যে রাস্তায় পড়েন ওই মহিলা। সেই সময়েও তিনি ‘পিসি-পিসি’ বলে চিৎকার করে মমতার উদ্দেশে কিছু বলতে থাকেন। পরে তাঁকে রাস্তা থেকে তুলে পাশে নিয়ে যান স্থানীয় মহিলারা। সেখানেও তিনি স্থানীয়দের সঙ্গে বচসায় জড়ান।
কালীঘাটপন্থী তৃণমূল নেতারা জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই বিষয়টি থানায় জানিয়েছেন। অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা জ়েড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পান। তার পরেও কেন তাঁর নিরাপত্তায় এত বড় গাফিলতি ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতার বলয়ের তৃণমূল নেতারা।
