শেরপুরে ড্রামবন্দি নারীর পরিচয় শনাক্ত, মৃত্যুর কারণ অজানা
শেরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শেরপুরের শ্রীবরদীতে খালের পানিতে ভেসে থাকা ড্রাম থেকে উদ্ধার নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর নাম মোছা. ঝিনুক আক্তার। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হলে তাঁরা গ্রাম পুলিশকে খবর দেন। পরে ড্রামের ঢাকনা খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পান গ্রাম পুলিশের সদস্যরা।
খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্তে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় পিবিআইয়ের শেরপুর শাখা তাঁর পরিচয় নিশ্চিত করে।
নিহত ঝিনুক আক্তারের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ৪ নম্বর ব্লকের ১৪১ নম্বর বাসায়। তাঁর বাবার নাম মো. শাকিল এবং মায়ের নাম বেবী।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।
ঝিনুক আক্তার হত্যার শিকার হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যেতে পারে।

