আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের সামনে দাঁড়িয়ে স্মৃতি মান্ধানা। এমন একটি রেকর্ডের হাতছানি তাঁর সামনে, যা নেই কোনও পুরুষ ক্রিকেটারেরও। অভিনব নজিরের মুখে ভারতের নতুন অধিনায়ক। বৃহস্পতিবার জোসেফিন এনকোমোর জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে নামবে ভারত। সেই সিরিজেই নতুন ইতিহাস গড়ার হাতছানি ভারতীয় ওপেনারের সামনে। টি-২০ ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক থেকে মান্ধানা মাত্র ১৩৩ রান দূরে। ১৭৯টি ম্যাচে তাঁর সংগ্রহ ৪৮৬৭ রান। গড় ৩১। স্ট্রাইক রেট ১২৭.৪৭। রয়েছে দু'টি শতরান এবং ৩৭টি অর্ধশতরান। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচে সেই পাঁচ হাজারের গণ্ডি পেরিয়ে গেলে, টি-২০ আন্তর্জাতিকের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন মান্ধানা।
এই রেকর্ড নেই বিরাট কোহলি, রোহিত শর্মারও। এখনও পর্যন্ত কোনও ক্রিকেটার সংক্ষিপ্ত ফর্ম্যাটে ৫০০০ রানের গণ্ডি পার করতে পারেননি। তবে এই সিরিজ শুধু ব্যক্তিগত মাইলফলকের জন্য নয়, মান্ধানার কেরিয়ারেও নতুন অধ্যায়ের সূচনা। হরমনপ্রীত কৌর অধিনায়কত্ব ছাড়ার পর, তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হয়েছেন মান্ধানা। এশিয়ান গেমসে দেশকে সোনা জেতানোর পরই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান হরমনপ্রীত।
এর আগে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মান্ধানা। ১৮টি টি-২০ আন্তর্জাতিকে তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ১১টি ম্যাচ। চারটি একদিনের ম্যাচে এসেছে জয়। পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে মেয়েদের প্রিমিয়ার লিগে দু'বার চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ১৬, ১৮ এবং ২০ অক্টোবর জিম্বাবোয়ে সফরে তিনটি টি-২০ ম্যাচ হবে রায়পুরে। এরপর ২৩, ২৫ এবং ২৮ অক্টোবর হবে তিনটি একদিনের ম্যাচ। ভারত এবং জিম্বাবোয়ের মেয়েদের দলের মধ্যে এটাই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
