মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে যমুনা নদী থেকে ৮৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা।
এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, উদ্ধার করা ইলিশ মাছগুলো এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন’—এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ চলবে।
এই বাংলা/এমএস
