তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের যুবকদের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
রোববার (১৮ অক্টোবর) বেলা ২টায় ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আতিকুর রহমান রুয়েব ও যুবক খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বাছিত।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক নুর আহমেদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, ক্রীড়াবিদ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট মহল্লার মুরব্বি ও যুবসমাজের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
