হলিউড অভিনেতা ও ‘স্পাইডার-ম্যান’ তারকা টোবি ম্যাগুয়ার তাঁর প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের লানাই দ্বীপে অবস্থিত ‘ফোর সিজনস রিসোর্ট লানাই’তে জেনিফার মেয়ার ও তাঁর নতুন জীবনসঙ্গী জিওফ্রি ওগুনলেসির বিয়ের আসর বসে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন ৫১ বছর বয়সী টোবি ম্যাগুয়ার। নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও তাঁকে দেখা গেছে। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভক্তদের নজর কেড়েছে।
জেনিফার মেয়ার পেশায় গয়না নকশাকার। জিওফ্রি ওগুনলেসি সংগীত নির্বাহী ও ব্যবসায়ী। তিনি নাইজেরীয় ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। এই বিয়েতে হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকাও উপস্থিত ছিলেন।
সম্পর্কের পেছনের কথা
টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের সম্পর্ক শুরু হয় ২০০৩ সালে। চার বছর প্রেমের পর ২০০৭ সালে তাঁরা বিয়ে করেন। ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের সেপ্টেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
এই বিচ্ছেদের কয়েক সপ্তাহের মধ্যেই প্রাক্তন স্ত্রীর বিয়ের অনুষ্ঠানে টোবি ম্যাগুয়ারের এমন ভূমিকা তাঁদের সম্পর্কের ভিন্ন এক দিক সামনে এনেছে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, বিচ্ছেদের পরও সন্তানদের লালন-পালন ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তাঁরা সৌহার্দ্য বজায় রেখেছেন।
টোবি ও জেনিফারের দুই সন্তান রুবি ও ওটিস। সন্তানদের ঘিরে পারিবারিক অনুষ্ঠানে তাঁদের বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে। টোবির এই অংশগ্রহণকে অনেকে তাঁদের পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন বলে মনে করছেন।
১৯৯০-এর দশকের শেষভাগ ও ২০০০-এর দশকের শুরুর দিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া টোবি ম্যাগুয়ার ‘স্পাইডার-ম্যান’ চলচ্চিত্র সিরিজে পিটার পার্কার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। খবর: এন্টারটেইনমেন্ট উইকলি ও এনডিটিভি
বিআলো/শিলি