Published : 24 Oct 2026, 05:04 PM
Updated : 24 Oct 2026, 05:09 PM
ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন গ্লেন ফিলিপস ও বেভান জ্যাকবস। তাদের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে লড়ার মতো পুঁজি গড়ল নিউ জিল্যান্ড। পরে মিচেল স্যান্টনারের দুর্দান্ত বোলিংয়ে জয়ের আশাও জাগাল তারা। কিন্তু তিলাক ভার্মা ও নিতিশ কুমার রেড্ডির চমৎকার ব্যাটিংয়ে আরেকবার কিউইদের হারিয়ে সিরিজে আরও এগিয়ে গেল ভারত।
ক্রাইস্টচার্চে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জিতেছে ভারত। নিউ জিল্যান্ডের ১৮০ রান এক বল বাকি থাকতে পেরিয়ে গেছে সফরকারীরা।
পাঁচ ম্যাচের সিরিজের এখন ২-০ তে এগিয়ে আছে ভারত। একই মাঠে প্রথম ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে ৪ উইকেটে জিতেছিল তারা।
রান তাড়ায় যখন ষষ্ঠ উইকেট হারায় ভারত, তখনও ৩১ বলে ৬৯ রান চাই তাদের। সেখান থেকে বাকি পথ পাড়ি দেন তিলাক ও নিতিশ। তাদের ৩০ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় দল।
একটি ছক্কা ও ছয়টি চারে ২৬ বলে ৫১ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিলাক। একটি করে ছক্কা-চারে ১৩ বলে ২৬ রান করেন নিতিশ।
টানা দ্বিতীয় ফিফটিতে ৭০ রান করেন নিউ জিল্যান্ডের ফিলিপস। তার ৪৩ বলের ইনিংস গড়া চারটি করে ছক্কা-চারে। আগের ম্যাচে ভালো শুরু পেলেও ফিফটি করতে না পারা জ্যাকবস এবার করেন একটি ছক্কা ও পাঁচটি চারে ৫৮।
দারুণ বোলিংয়ে স্রেফ ২১ রান দিয়ে ৪ উইকেট নেন স্যান্টনার। কিন্তু তাদের সবার চেষ্টা বিফলে গেল তিলাক আর নিতিশের কারণে।
বিস্তারিত আসছে…
