রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছর পার হলেও এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনই অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে, ভলোদিমির জেলেনস্কি আদতে রাশিয়ার সঙ্গে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি চান না এবং হয়তো তিনি কখনো তা চানওনি।
রবিবার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “জেলেনস্কি মোটেও তোয়াক্কা করছেন না। সত্যি বলতে, ইউরোপ তাকে যেভাবে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে... তিনি এই যুদ্ধ থামাতেই চান না, সম্ভবত কখনোই চাননি।”
রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল বা স্থগিত করার বিষয়ে নিজের নেওয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করে তিনি বলেন, জেলেনস্কি এই সংঘাতের অবসান চান না।
ট্রাম্প বলেন, “রাশিয়া সংক্রান্ত আমার সিদ্ধান্ত একেবারে সাধারণ। আমি রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি এবং এমন কোনো বোকার মতো কাজ করতে চাই না; যা রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দেবে।”
ট্রাম্পের দাবি, জেলেনস্কি দুই বছর আগেই একটি ভালো চুক্তি বা সমঝোতায় পৌঁছাতে পারতেন। কিন্তু বিলম্ব করার কারণে ইউক্রেন বিশাল ভূখণ্ড হারিয়েছে, দেশের মূল অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বহু সেনা ও নাগরিক হতাহত হয়েছে। ট্রাম্প মনে করেন, ইউরোপ ও আমেরিকা থেকে আসা বিপুল পরিমাণ অর্থ ও সহায়তার ওপর ভরসা করেই জেলেনস্কি যুদ্ধ প্রলম্বিত করছেন।
অন্যদিকে, জেলেনস্কির মতে, ইউক্রেন নয় বরং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই এই যুদ্ধের সমাপ্তি চান না। ইউক্রেনের দাবি, রাশিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার মাধ্যমে পুতিনকে আগ্রাসন চালানোর পুরস্কার দেওয়া হয়েছে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং দখল হওয়া ভূখণ্ড ফেরত পাওয়ার নিশ্চয়তা ছাড়া যেকোনো অসম চুক্তি মেনে নিতে নারাজ কিয়েভ।
