কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাকুন্দিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য তরিকুল হাসান শাহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পাকুন্দিয়া থানার নবাগত ওসি মো. হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আছাদুজ্জামান খন্দকার, উপদেষ্টা আব্দুল আউয়াল মোহাম্মদী, সহসভাপতি এম ছাইদুর রহমান, আনম তানভীর হায়দার ভূঁইয়া ও মিজানুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক. ম. মুহিব্বুল্লাহ বচ্চন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে রাসেল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক হৃদয়, কোষাধ্যক্ষ আরিফুল হাসান আরজু, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয়, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার, সাবেক কোষাধ্যক্ষ সুলতান আফজাল আইয়ুবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ, সদস্য নুরুল জান্নাত মান্না এবং নরসুন্দা টাইমসের নির্বাহী সম্পাদক ক. ম. জোনায়েদ আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই ও যানজটের মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ওসি মো. হেলাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকরা সম্মিলিতভাবে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
তিনি পাকুন্দিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
